ঢাকায় এসেছিলেন মাত্র ৬৭ টাকা নিয়ে , এখন ৮৫০০ কোটি টাকার নোমান গ্রুপের মালিক মোহাম্মদ নুরুল ইসলাম।
পারিবারিক আর্থিক অনটনের কারণে চট্টগ্রাম থেকে ঢাকায় পাড়ি জমান মোহাম্মদ নুরুল ইসলাম। রাজধানীর ইসলামপুরে বিক্রয়কর্মী হিসেবে কাপড় বিক্রির মাধ্যমে তাঁর কর্মজীবনের শুরু। এরপর ১৯৭৬ সালে নিজের ব্যবসা শুরু করেন এবং ১৯৮৭ সালে বড় ছেলের নামে প্রতিষ্ঠা করেন নোমান গ্রুপ। বর্তমানে এ গ্রুপের অধীনে রয়েছে ৩২টি প্রতিষ্ঠান ও কারখানা।
নুরুল ইসলামের জীবন ছিল সংগ্রামের প্রতিচ্ছবি। মাত্র ৬৭ টাকা হাতে নিয়ে ১৯৬৮ সালে ঢাকায় আসেন তিনি। খিলগাঁওয়ের একটি মেসে ১৫ টাকার মাসিক ভাড়ায় থাকতেন। তখন পণ্য বিক্রি করে মাসে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কমিশন আয় করতেন। দিনের পর দিন দোকানে দোকানে ঘুরে পণ্য বিক্রি করে মূলধন গড়েছেন তিনি।
এরপর সময়ের সাথে সাথে গড়ে তোলেন নোমান গ্রুপ, যা বর্তমানে দেশের শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠানের একটি। সম্প্রতি তিনি কোম্পানির নেতৃত্ব বড় ছেলের হাতে তুলে দিলেও পরামর্শক হিসেবে এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, ব্যবসার শুরুতে তিনি নিজেই সবকিছু করতেন—পণ্য নির্বাচন, নকশা, রঙ নির্বাচন, বিক্রি ইত্যাদি।
বিক্রয়কর্মী থেকে উদ্যোক্তা
১৯৬৮ সালে তৈয়ব আশরাফ টেক্সটাইল মিলসে বিক্রয়কর্মী হিসেবে কাজ শুরু করেন। ওই মিলের অধীনে থাকা মরিয়ম টেক্সটাইল, আরটেক্স ফ্যাব্রিকস ও নাজনীন ফ্যাব্রিকসের বিভিন্ন পণ্য বিক্রি করতেন। পরবর্তীতে নিজেই পছন্দমতো পণ্য তৈরি করে তা বিক্রি শুরু করেন।
স্বাধীনতাযুদ্ধের সময় চট্টগ্রামে ফিরে গেলেও যুদ্ধ শেষে আবার ঢাকায় ফিরে আসেন এবং নতুন করে শুরু করেন ব্যবসা। ব্যাংকঋণের কারণে ঐ প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়লে একে একে সেগুলোর যন্ত্রপাতি কিনে নেন। ১৯৭৬ সালে ৮ লাখ টাকা বিনিয়োগ করে আরটেক্স ফ্যাব্রিকসের চারটি মেশিন কেনার মাধ্যমে শুরু হয় তাঁর উদ্যোক্তা জীবন। সে সময় ২২ জন শ্রমিক নিয়ে কাজ শুরু হয়। এখন নোমান গ্রুপে কাজ করছেন ৬৫ হাজারেরও বেশি মানুষ।
১৯৭৬ সালে বড় ছেলে নোমানের জন্ম এবং একই বছর শুরু হয় নুরুল ইসলামের উদ্যোক্তা জীবন। ১৯৯০ সাল পর্যন্ত কোনো ব্যাংকঋণ না নিয়ে পুরো ব্যবসা পরিচালনা করেন। এখনো তিনি উৎপাদনের প্রতিটি ধাপে যুক্ত থাকেন এবং দিনে ১৮-২০ ঘণ্টা সময় দেন।
২০০০ সালে জাবের অ্যান্ড জোবায়ের ফ্যাব্রিকস প্রতিষ্ঠার মাধ্যমে নোমান গ্রুপের রপ্তানি কার্যক্রমে সাফল্য শুরু হয়।
Public Post News