প্রিন্ট এর তারিখঃ Feb 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 23, 2025 ইং
মসজিদে খেজুর ছিটিয়ে বিয়ে করেছেন শবনম ফারিয়া

মাসজিদে খেজুর ছিটিয়ে বিয়ে করেছেন শবনম ফারিয়া। এটি তার দ্বিতীয়বার বিয়ে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে মসজিদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। গণমাধম্যকে এই তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
পাত্রের নাম তানজিম
তৈয়ব, তিনি রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।
বিয়ের পর শবনম ফারিয়া বলেন, বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল—আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিবাহবিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।
শবনম ফারিয়া জানান, ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সিদ্ধান্তটি হঠাৎ হওয়ায় তার একমাত্র ননদ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। কারণ, দেশের বাইরে আছেন তিনি। তবে ভবিষ্যতে সহকর্মী, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে একটি বিয়ে–পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। আমাদের নতুন যাত্রার জন্য সবার দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি।
প্রসঙ্গত, শবনম ফারিয়া এর আগে ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে, যিনি তখন একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তাদের বিবাহবিচ্ছেদ হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ