প্রিন্ট এর তারিখঃ Feb 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2025 ইং
আসিফ মাহমুদের ৭ শব্দের লাইন ইতিহাস বদলে দেয়: মো:রাশেদ খান

আসিফ মাহমুদের ৭ শব্দের একটি লাইন ইতিহাস বদলে দেয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান।
সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে মোহাম্মদ রাশেদ খান এমন মন্তব্য করেন।
তিনি স্ট্যাটাসে লিখেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদের জন্য শুভকামনা রইল। তিনি বা সরকারের যারা উপদেষ্টা হিসেবে আছেন এবং ভবিষ্যতে রাজনীতি করতে চান, তারা পদত্যাগ করলেই বরং সরকারের নিরপেক্ষতা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে আমি আসিফ মাহমুদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। বরং পদত্যাগ আরও আগে করলে তার নিজের রাজনৈতিক ক্যারিয়ার আরও সমৃদ্ধ হতো।
রাশেদ আরও লিখেছেন, উপদেষ্টা হিসেবে সরকারে যাওয়ার কারণে আসিফ মাহমুদের অনেক সমালোচনা আছে। তবে তার সব দোষ আমি তাকে দেব না। বরং সরকারে থাকা সিনিয়র উপদেষ্টারা আসিফ মাহমুদদের উপযুক্ত গাইডলাইন দিতে ও আসিফদের বিপ্লবের শক্তি ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন। যেকারণে আসিফরা হাল ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বলে আমার ধারণা।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক লিখেছেন, আসিফ মাহমুদের অনেক ভুল থাকতে পারে, তরুণ বয়সে ভুল করা স্বাভাবিক। তবে আসিফ মাহমুদের ৭ শব্দের লাইন বদলে দেয় ইতিহাস, ‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা!’ হ্যাঁ, ৬ আগস্টের লং মার্চ পরিবর্তন করে ৫ আগস্টে নিয়ে আসার নায়ক আসিফ মাহমুদ। আমি তার জাতীয় রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা জানাই।
সবশেষে রাশেদ খান লিখেছেন, আশা করি আসিফ মাহমুদ তার ভুলভ্রান্তি শুধরে বাকিজীবন সচেতনভাবে রাজনীতি করবে এবং জনগণের নেতা নয় বরং সেবক হিসেবে কাজ করবে।
প্রসঙ্গত, উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের পর আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার এই নির্বাচনী উদ্যোগকে স্বাগত জানিয়ে এই স্ট্যাটাস দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ