প্রিন্ট এর তারিখঃ Feb 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 14, 2026 ইং
যে কারণে স্থগিত করা হলো ১১ দলীয় সংবাদ সম্মেলন

আগামী ১২ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতা বিষয়ে ঘোষিত সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে ১১ দলীয় জোটের সমন্বয়ক ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ গণমাধ্যমে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) আজ বিকেল ৪টা ৩০ মিনিটে ১১ দলীয় জোটের আসন সমঝোতা সংক্রান্ত সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছিল। এতে জাতীয় রাজনীতিতে ইসলামপন্থি দলগুলোর নির্বাচনী বোঝাপড়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে— এমন প্রত্যাশা তৈরি হয়েছিল।
কেন সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে কারণ জানতে জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় এক সিনিয়র দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগ করলে (নাম প্রকাশে অনিচ্ছুক) এক সিনিয়র নেতা এ সময় জানান , মূলত জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে সৃষ্ট জটিলতার কারণে এ সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনে আসতে চায়নি বলেও জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ