প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 29, 2026 ইং
চলন্ত ট্রেনের নিচে পড়েও অক্ষত বাবা-শিশু

চলন্ত ট্রেনের নিচে পড়েও অক্ষত বাবা-শিশু
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের নিচে পড়েও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন এক বাবা ও তার এক বছরের শিশু। ঘটনাটি প্রত্যক্ষ করে স্তম্ভিত হয়ে পড়েন উপস্থিত যাত্রীরা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রেন থেকে নামার সময় হঠাৎ হাত ফসকে শিশুটি প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানে পড়ে যায়। এসময় সন্তানকে রক্ষা করতে দেরি না করে শিশুটির বাবা চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন।
পরে তিনি শিশুটিকে বুকের সঙ্গে জড়িয়ে প্ল্যাটফর্মের দেয়ালের পাশে নিঃশ্বাস বন্ধ করে শুয়ে থাকেন। তাদের ওপর দিয়ে একে একে ট্রেনের প্রায় আটটি বগি অতিক্রম করে। আশ্চর্যজনকভাবে, পিতা ও পুত্র দুজনই অক্ষত অবস্থায় বেঁচে যান।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত শিশুটির মাকেও নিরাপদে প্ল্যাটফর্মে নামিয়ে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমন দৃশ্য তারা আগে কখনো দেখেননি। অনেকেই ঘটনাটিকে অলৌকিক বলে উল্লেখ করেন।
রেলওয়ে পুলিশ জানায়, এভাবে বেঁচে যাওয়া অত্যন্ত বিরল এবং এটি ‘আল্লাহর বিশেষ রহমত’ বলেই তারা মনে করছেন।
সতর্কতা:
চলন্ত ট্রেনে ওঠানামা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের দুর্ঘটনা এড়াতে যাত্রীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ