প্রিন্ট এর তারিখঃ Jun 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 13, 2026 ইং
ঈদযাত্রায় নারীদের জন্য ট্রেনে আলাদা বগি রাখার নির্দেশ হাইকোর্টের

ঈদযাত্রায় নারীদের জন্য ট্রেনে আলাদা বগি রাখার নির্দেশ হাইকোর্টের
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সব যাত্রীবাহী ট্রেনে নারী যাত্রীদের জন্য পৃথক একটি বগি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১২ মে) এ সংক্রান্ত এক সম্পূরক আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন। তিনি জানান, রেলওয়ে আইন ১৮৯০-এর ৬৪ ধারায় নারী যাত্রীদের জন্য আলাদা কামরার বিধান রয়েছে। একই সঙ্গে ৫০ মাইলের বেশি দূরত্ব অতিক্রমকারী ট্রেনে ওই কামরার সঙ্গে শৌচাগারের ব্যবস্থাও রাখার কথা উল্লেখ আছে।
তবে দীর্ঘদিন ধরে আইনের এ বিধান বাস্তবে কার্যকর না হওয়ায় ২০২১ সালে এ বিষয়ে রিট দায়ের করা হয়। পরে চলতি বছরের ১০ মার্চ হাইকোর্ট সংশ্লিষ্টদের কাছে রুল জারি করে ব্যাখ্যা জানতে চান।
সম্প্রতি করা সম্পূরক আবেদনের শুনানি শেষে আদালত ঈদযাত্রার সময় নারী যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের বিষয় বিবেচনায় পৃথক বগি রাখার নির্দেশ দেন।
আইনজীবী আজমল হোসেন খোকন বলেন, বিদ্যমান আইন থাকলেও অধিকাংশ ট্রেনে তা বাস্তবায়ন করা হয়নি। বিশেষ করে ঈদে অতিরিক্ত যাত্রীচাপের কারণে নারী যাত্রীরা নানা সমস্যার মুখোমুখি হন। সেই বিষয়টি সামনে রেখেই আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ