প্রিন্ট এর তারিখঃ Jun 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 19, 2026 ইং
জামায়াতে যোগদান করা মুক্তিযোদ্ধা কমান্ডারকে বহিষ্কার

জামায়াতে যোগদান করা মুক্তিযোদ্ধা কমান্ডারকে বহিষ্কার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের পরদিনই তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড।
সোমবার (১৮ মে) জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের কারণে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা গেছে, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. নঈম জাহাঙ্গীরের নির্দেশনা এবং জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রবের অনুমতিক্রমে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক পদ থেকে ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে বিষয়টি কেন্দ্রীয় কাউন্সিলকেও অবহিত করা হয়েছে বলে জানানো হয়।
এর আগে শনিবার (১৬ মে) রাতে মতলব কমিউনিটি সেন্টারে আয়োজিত এক যুব ও সুধী সমাবেশে ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। এসময় তিনি দলের সহযোগী সদস্য ফরম পূরণ করে দলীয় আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ