প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 20, 2026 ইং
আনসার-ভিডিপিকে আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী

আনসার-ভিডিপিকে আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব বাহিনীতে রূপ দিতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং কর্মসংস্থান তৈরিতে আনসার-ভিডিপি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
বুধবার (২০ মে) গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও দরবার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাহিনীর সদস্যরা শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আনসার-ভিডিপিকে আরও মানবিক ও জনমুখী বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করবেন।
অনুষ্ঠানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
পরে তিনি মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সুসজ্জিত প্যারেড পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রী কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন এবং বাহিনীর সদস্যদের গার্ড অব অনার প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী অংশগ্রহণকারী সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া তার সফরসূচিতে গাজীপুর মহানগরের গাছা এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জাতীয় সমাবেশ উপলক্ষে একাডেমি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আনসার ও ভিডিপির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ