প্রিন্ট এর তারিখঃ Jun 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 25, 2026 ইং
ট্রাক উল্টে প্রাণ গেল ১৫ ঈদযাত্রীর, আহত আরও কয়েকজন

ট্রাক উল্টে প্রাণ গেল ১৫ ঈদযাত্রীর, আহত আরও কয়েকজন
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬ জন। নিহতরা সবাই ঈদ উপলক্ষে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে।
সোমবার (২৫ মে) ভোররাত প্রায় ৪টার দিকে টাঙ্গাইলের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রড ও যাত্রীবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান জানান, ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলেও ধীরগতি দেখা দেয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ