১ কোটি টাকা দিলেই মামলা তুলে নিবে:সাক্ষাৎকারে সাকিব আল হাসান
ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই দেশে ফিরতে পারছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান
। দীর্ঘদিন ধরে মামলার তদন্তের দাবি জানিয়ে আসলেও এখনও কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব দাবি করেন, মামলা থেকে নাম সরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছে ১ কোটি টাকা দাবি করা হয়েছে। তবে তিনি মনে করেন, মামলা দায়েরকারীরা চাইলেও শুধু নিজেদের ইচ্ছায় তার নাম বাদ দিতে পারবেন না। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্তকারী সংস্থার ওপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন তিনি।
কারা এই প্রস্তাব দিয়েছেন— এমন প্রশ্নে সাকিব জানান, এফআইআরে বাদীপক্ষের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি অন্যদের মাধ্যমে যোগাযোগ করেছিলেন। যদিও সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করতে চাননি তিনি।
রুবেল হত্যা মামলায় সাকিবকে ২৮ নম্বর আসামি করা হয়েছে। মামলায় আরও বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের নামও রয়েছে। আদাবর থানায় নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম মামলাটি দায়ের করেন।
নিজেকে নির্দোষ দাবি করে সাকিব বলেন, অর্থ দিয়ে কোনো কিছু ম্যানেজ করার চেষ্টা করলে সেটি উল্টো ভুল বার্তা দেবে। তার ভাষায়, টাকা দেওয়া মানেই যেন অপরাধ স্বীকার করে মুক্তি চাওয়া— এমন ধারণা তৈরি হতে পারে।
মামলার এজাহার অনুযায়ী, গত ৫ আগস্ট আদাবর এলাকায় একটি মিছিলে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন গার্মেন্টসকর্মী রুবেল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Public Post News