ঢাকা | বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে প্রস্তুতি বাড়াচ্ছে ইসি

  • নিউজ প্রকাশের তারিখ : May 17, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
স্থানীয় সরকার নির্বাচন ঘিরে প্রস্তুতি বাড়াচ্ছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংরক্ষিত নারী আসনের ভোট শেষ হওয়ার পর এবার স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ—এই পাঁচ ধাপের নির্বাচন সামনে রেখে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা হালনাগাদের কাজ শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষ দিকেই নির্বাচনী কার্যক্রম শুরু হতে পারে।

ইসি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল হওয়ায় নতুন কাঠামো অনুযায়ী ভোট আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধ করে। পরে জাতীয় সংসদে সেই অধ্যাদেশ আইনে রূপ নেয়। ফলে এখন নির্দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পথ আরও স্পষ্ট হয়েছে।

সম্প্রতি জেলা প্রশাসক সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার ইঙ্গিত দেওয়া হয়। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জেলা প্রশাসকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলেও জানা গেছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, নতুন আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা বিধিমালা ও আচরণবিধিতে পরিবর্তন আনা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সঙ্গে সামঞ্জস্য রেখে এসব বিধিমালা পুনর্গঠন করা হচ্ছে। ইতোমধ্যে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনসংক্রান্ত খসড়া সংশোধনের কাজ শুরু হয়েছে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন ঘিরে একটি বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। বিধিমালা সংশোধনের কাজ শেষ হলে পর্যায়ক্রমে তফসিল ঘোষণার উদ্যোগ নেওয়া হবে।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশের বেশিরভাগ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া প্রায় সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তবে চট্টগ্রাম সিটি করপোরেশনে আদালতের নির্দেশে মেয়রের দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন।

বর্তমান আইনে সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বিধান রয়েছে। পৌরসভার ক্ষেত্রে এই সময়সীমা ৯০ দিন। আর ইউনিয়ন পরিষদের নির্বাচন মেয়াদ শেষ হওয়ার আগেই করতে হয়, যদিও নির্দিষ্ট সময়সীমা উল্লেখ নেই।

এখনও কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ইঙ্গিত দিয়েছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই কার্যক্রম শুরু হতে পারে। তবে ইসির একটি অংশ মনে করছে, একসঙ্গে বিপুলসংখ্যক ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন বড় চ্যালেঞ্জ হতে পারে। সে কারণে শুরুতে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের বিষয়টি বিবেচনায় রয়েছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, কোন পর্যায়ের নির্বাচন আগে হবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। আপাতত সার্বিক প্রস্তুতির কাজ চলছে।

নিউজটি আপডেট করেছেন : Public Post News

কমেন্ট বক্স