জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে। বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, না হলে দেশে নানা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আগামী ভোটে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই। তারা কখনোই নির্বাচনমুখী দল নয় বলে মন্তব্য করেন ডা শফিকুর রহমান।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো জোট গঠন করবে না।
ডা.শফিকুর রহমান তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ পদ আমীর নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেটে এলেন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সকাল সাড়ে ৭টায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাতে আসেন জেলা ও মহানগরের নেতা কর্মীরা।
পরে বিশাল মোটরসাইকেল র্যালি ও গাড়ি বহর করে শোডাউনের মাধ্যমে বিমানবন্দর থেকে সাত কি.মি রাস্তা অতিক্রম করে শহরে নিয়ে আসা হয় আমীরে জামায়াতকে।হাজারো নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত হন ফজরের নামাজের পর থেকেই।
সম্প্রতি বিদেশ সফর প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বিদেশে প্রবাসীদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন। তাদের বুকভরা ভালোবাসায় আমি আপ্লুত। তাদের আকাশ সমান প্রত্যাশা এই জাতির কাছে। তারাও জাতি বিনির্মাণে অবদান রাখতে চান। এই জাতির কাছে তাদের পাবার কিছু নেই। তারা একটু সম্মান চান।৷ কিন্তু আমরা নিজেরাই সাক্ষী, প্রবাসীদের সীমাহীন অবদান থাকার পরও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে পারিনি বলে আক্ষেপ করেছেন ডা.শফিকুর রহমান।
Public Post News