বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উদ্যোগে ঐতিহাসিক পাড়াগাঁও ঈদগাহ মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১ ডিসেম্বর) সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে দলমত নির্বিশেষে এলাকাবাসী, ধর্মপ্রাণ মুসল্লি ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ঐতিহাসিক পাড়াগাঁও ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
দোয়া মাহফিলে ইমাম সাহেবের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত বিভিন্ন স্তরের মানুষ দেশজুড়ে চলমান দোয়ার ধারাবাহিকতার অংশ হিসেবে রূপগঞ্জে এমন আয়োজনকে “মানবিক দায়িত্ব” হিসেবে আখ্যা দেন।
দোয়া মাহফিলে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “বেগম খালেদা জিয়া দেশের অন্যতম জনপ্রিয় নেত্রী। তাঁর সুস্থতা শুধু দলের জন্য নয়, জাতির জন্যই গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, আল্লাহ তায়ালা তাঁর শারীরিক কষ্ট লাঘব করবেন এবং দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন।”
আয়োজকরা জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা অবনতিশীল হওয়ায় রূপগঞ্জের মানুষ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাই তাঁর রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিলে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের নেতারা, পাড়াগাঁও ঈদগাহ মাঠ কমিটির সদস্যসহ নানা বয়সের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
Public Post News