বজ্রাঘাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল ৩ বছরের শিশু
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলায় মেয়েকে কোলে নিয়ে বাজারে যাওয়ার পথে বজ্রাঘাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত সুমন মন্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি এনজিওতে কর্মরত ছিলেন। সম্প্রতি চাকরি ছেড়ে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুমন তাঁর সাড়ে তিন বছর বয়সী শিশুকন্যা সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে বাজার করতে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সেটি সরাসরি তাঁর ওপর আঘাত হানে। এতে তাঁর কোল থেকে শিশু সাফিয়া ছিটকে পড়ে এবং সুমন ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন।
পরবর্তীতে স্বজনরা তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশু সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে।
মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান জানান, সুমনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কালবৈশাখীর এই মৌসুমে আকস্মিক বজ্রপাত থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।
Public Post News